নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে আবারও একমঞ্চে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “পতিত, পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে হবে। এর জন্য এই মুহূর্তে প্রয়োজন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির একমঞ্চে দাঁড়ানো।”
সরকার ও সংসদ যখন দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরের প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময়ে পতিত ও বিতাড়িত অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, গত কয়েকদিনের চিত্রে তা আবার পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এই সন্ত্রাসীরা দেশে-বিদেশে পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল তা আমরা দেখেছি।”
সম্প্রতি লন্ডনে এনসিপির সভাপতি নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টা, যুক্তরাষ্ট্রে এনসিপির প্রতি আচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর আক্রমণের ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ দলটির কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পলাতক নেত্রী তার অনুসারীদের জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ও হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন, যা প্রমাণ করে তারা কোনো রাজনৈতিক দল নয় বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। যারা এই গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “দেশপ্রেমিক স্বাধীনতাপ্রিয় জনগণ অন্য কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি এবং কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে চব্বিশের গণঅভ্যুত্থানও ঘটায়নি।”
সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন। বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিন দশক আগের স্লোগান— “ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা” উদ্ধৃত করে দৃঢ় কণ্ঠে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ এই তাবেদারি শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।
এর আগে বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতির আসন গ্রহণ করেন। মন্ত্রীদের প্রশ্নোত্তর এবং আইন প্রণয়ন কার্যাবলী নিষ্পত্তির পর সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পাঠানো সংসদ অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান।
মতামত