সিলেট বিভাগের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি বড় উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব ঘোষণা দেন।
মন্ত্রী জানান, সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বড় প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
এই প্রকল্প বাস্তবায়িত হলে বিভাগের গ্রামাঞ্চলের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে। পাশাপাশি সংসদ সদস্যদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে নতুন একটি সেতু নির্মাণের কথাও জানান মন্ত্রী। সেতুটি নির্মিত হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।
এদিকে আগামী ফেব্রুয়ারির মধ্যেই সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর ঘোষণাও দিয়েছেন তিনি।
এ ছাড়া সিলেট বিভাগের রেল যোগাযোগ আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে।
বক্তব্যের শেষে তিনি এই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মতামত