পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত কর্মঘণ্টা শেষ হওয়ার আগেই বহির্বিভাগে চিকিৎসক না পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে চিকিৎসক না থাকার চিত্র দেখা যায়। এতে পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট নিয়ে ফিরে আসা রোগীদের চিকিৎসাসেবা না পেয়েই বাড়ি ফেরার আশঙ্কা তৈরি হয়।
কালাইয়া ইউনিয়নের কপূরকাঠী থেকে আসা মো. আনোয়ার হোসেন ও নাজিরপুরের সাবেক শিক্ষক মফিজুর রহমান জানান, সকালে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে ফিরে এসে কাউকে পাননি। এতে তাঁদের সময় ও অর্থ দুটোই নষ্ট হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চিকিৎসকদের দায়িত্ব পালনের কথা। অথচ নির্ধারিত সময় শেষ হওয়ার দেড় ঘণ্টা আগেই চিকিৎসক না পাওয়ার অভিযোগ উঠেছে। ফলে চিকিৎসকদের উপস্থিতি ও দায়িত্ব পালনের তদারকি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, প্রতিদিন চিকিৎসকেরা নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন করেন। বুধবার কেন এমন পরিস্থিতি হয়েছে, তা খোঁজ নিয়ে দেখা হবে। তিনি জানান, ওই সময় তিনি পটুয়াখালীতে প্রশিক্ষণে ছিলেন।
রোগীদের দাবি, শুধু চিকিৎসকের উপস্থিতি নয়, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখানো পর্যন্ত বহির্বিভাগের সেবা নিশ্চিত করতে হবে।
মতামত