সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে শিগগিরই বিশেষ অভিযান শুরু করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ জন্য সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পর ঢাকায় পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় পালিয়ে থাকা অন্যদের গ্রেপ্তারেও শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।
তিনি আরও বলেন, নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। রাজধানীতে নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।
এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এসব স্থাপনাকে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আগাম পরিকল্পনা অনুযায়ী সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে।
সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত।
এদিকে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মতামত