ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক চারটি মামলায় পাঁচজনকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মকবুল হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাশিলা এলাকার মান্নান শরীফের ছেলে মোঃ নাসিম শরীফ (২০), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মধ্য কৈখালী এলাকার সুলতান তালুকদারের ছেলে মোঃ মিলন (২৯), ঝালকাঠির রাজাপুর উপজেলার আড়ুয়া এলাকার মোঃ জাহাঙ্গীর শিকদারের ছেলে মোঃ হায়দার শিকদার (৩২), বরগুনা সদর উপজেলার দক্ষিণ তেতুলবাড়িয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ নিজাম (৩৯) এবং একই এলাকার সফেজ উদ্দিনের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭)।
বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, নদীতীরবর্তী জনপদ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড নদীর পরিবেশগত ভারসাম্য নষ্ট করার পাশাপাশি নদীভাঙনের ঝুঁকিও বাড়াতে পারে।
নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।
নদী রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা
মতামত