চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন মিয়াজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন পেশায় ঢালাই কাজের ঠিকাদার ছিলেন। তিনি হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের টঙ্গীরপাড় নোয়াপাড়া গ্রামের মিজি বাড়ির মো. নুরু মিয়া মিজির বড় ছেলে। তবে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার কাজ শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন জাকির। পথে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানোর পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার মহিউদ্দিন মাইনু মিয়াজী বলেন, প্রায় ২০ বছর ধরে জাকির তাঁদের টোরাগড় এলাকায় বসবাস করছেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, নিজ গ্রাম ও টোরাগড় এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
একজন কর্মঠ মানুষের এমন অকাল মৃত্যুতে পরিবার-পরিজনের মধ্যে শোকের মাতম চলছে।
দুর্ঘটনার কারণ ও বালুবাহী ট্রাকটির চালকের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।
মতামত