রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল কার্যালয়ে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচ ও লিফটের চারপাশের ঘেরাও ভাঙচুর করা হয়।
কার্যালয়ের কর্মকর্তারা জানান, হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে ভেতরে ঢুকতে পারেনি। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
ডিএনসিসি প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন। এ কারণে মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে ছিলেন।
তিনি বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
পুলিশকে খবর দেওয়ার পরও বেশ কিছু সময় পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় বলে অভিযোগ করেন মামুন পাটোয়ারী।
তার দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের আশপাশের অন্যান্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। এমনকি ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে।
সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়টি হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। সেখান থেকে দুয়েকটি ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটতে পারে।
এর আগে বুধবার সকালে রাজধানীর কাফরুল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সকাল ৯টা ২০ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বেশ কিছু শ্রমিক রাস্তায় নেমেছিলেন। ধাওয়া দিলে তারা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। একপর্যায়ে সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়।
মতামত