রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মিরপুর-১২ নম্বর এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পুলিশ বক্সটির জানালার কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থল ঘুরে দেখা যায়, মিরপুর-১২ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সটির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর সেখানে নিরাপত্তা জোরদার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মিরপুর-১১ নম্বর এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে, শ্রমিকদের পক্ষ থেকেও ইটপাটকেল ছোড়া হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের কারণে মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। যান চলাচল শুরু হলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।
এদিকে, শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের পর মিরপুরের বিভিন্ন সড়কে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও অবস্থান করতে দেখা যায়। এ সময় কয়েকজনের হাতে লাঠিসোঁটাও ছিল। মিছিল থেকে তারা অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনের আড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।
উল্লেখ্য, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। মিরপুর ছাড়াও সাভার, আশুলিয়া ও গাজীপুরে এ আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, সড়ক অবরোধ ও কারখানায় উৎপাদন বন্ধের ঘটনা ঘটেছে।
মতামত