রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগ থেকেই উত্তেজনার সূত্রপাত হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় অবস্থিত ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রে'নেড নিক্ষেপ করে। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কারখানা এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। সকালে শ্রমিকরা পাশের জকি, ভিশন ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা কাফরলে ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত সোসাল ইসলামি ব্যাংক লিমিটেডের জানালার কাচ ভাঙচুর করে। ভবনটির তৃতীয় তলায় ঢাকা উত্তরের প্রশাসকের কার্যালয়।
শ্রমিকরা ভবনের বাইরে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ছবিসহ ব্যানার ছিড়ে ফেলে। তবে মিল্টনের ছেড়া ছবি তোলা হলে তার নেতাকর্মীরা মোবাইল থেকে ছবি ডিলিট করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড ছোঁড়ে।
পুলিশের মিরপুর বিভাগের এডিসি জাহিদুল ইসলাম জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ আছে।
মতামত