স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা চলার মধ্যেই মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরান প্রতিবেশী দেশ বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডারব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারের আলোচনা চলছে। তবে নতুন করে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা প্রায় ৯ মাস ধরে চলা যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলেছে।
দীর্ঘ এই যুদ্ধের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। বেড়েছে বিশ্ববাজারে জ্বালানির দাম। একই সঙ্গে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোটারদের মধ্যেও অসন্তোষ বাড়তে থাকে। এর প্রভাব পড়ে নভেম্বরে অনুষ্ঠিত দেশটির মধ্যবর্তী নির্বাচনে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে প্রত্যাখ্যান করেন ভোটাররা। ফলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারায় দলটি।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানান, মার্কিন সেনাসদস্য ও সামরিক স্থাপনায় ইরানের হামলার জবাবে মার্কিন যুদ্ধবিমান এই অভিযান চালায়। এতে হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের সংবাদমাধ্যম দেশটির এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওই হামলায় আইআরজিসির অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি।
একই দিন আইআরজিসি বলেছিল, তারা বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক রাডারব্যবস্থায় হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ থাকা এবং শিয়া ধর্মীয় নেতাদের বিষয়ে নেতিবাচক অবস্থান গ্রহণ করা নিয়েও বাহরাইনকে সতর্ক করেছে তারা।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর। দেশটি জানিয়েছে, তারা হামলাটি প্রতিহত করেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চলমান আলোচনার বিষয়ে কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ‘দুই পক্ষের দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় এবং আলোচনার টেবিলে উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যকার ব্যবধান কমানোর’ লক্ষ্যে গতকাল কাতার ও ইরানের কর্মকর্তারা বৈঠক করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ওমান সফরের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচি সামুদ্রিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, বৈশ্বিক নৌপরিবহন ও বাণিজ্য নির্বিঘ্ন রাখা এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি ঠেকানোর বিষয়ে আলোচনা করেন।
ওমান ও ইরান হরমুজ প্রণালির দুই তীরে অবস্থিত। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। যুদ্ধ শুরুর পর ইরান প্রণালিটি কার্যত অচল করে দিয়েছে।
এর আগেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা করেছে ওমান।
বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, তিনি ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানে তেহরানের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে তাঁকে অবহিত করেন তিনি।
মতামত