রাজধানীর ধানমন্ডি এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং হকার বসানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন। পরে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া অভিযানটি ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, ধানমন্ডি মূলত একটি আবাসিক এলাকা হলেও এখানে বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। বিশেষ করে ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসানোর কোনো সুযোগ থাকবে না।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন। আবদুস সালাম জানান, জরিপে রাজধানীর যেসব এলাকাকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলোর মধ্যে ধানমন্ডিও রয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়। ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো সহিংসতা থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনগণের আস্থা অর্জনে ধৈর্য ধরতে হবে এবং সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনস্বার্থে পরিচ্ছন্নতা কিংবা জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করলে সিটি করপোরেশন তাতে সহযোগিতা করবে।
পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন ডিএসসিসি প্রশাসক। এ সময় সিটি করপোরেশনের একাধিক ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত