চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেওয়ান আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটিতে বাড়ির উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তিন শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় পরিবার, স্বজন ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো—মতলব উত্তরের বড় হলদিয়া গ্রামের রেহান উদ্দিনের ছেলে সিফাত (১০), উদ্দমদী গ্রামের মোতালেব বেপারীর ছেলে সাব্বির (১৫) এবং উত্তর সরদারকান্দি গ্রামের কাউছার প্রধানের ছেলে সাকিন (১১)।
মাদ্রাসা ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীই ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। নিয়ম অনুযায়ী প্রতি শুক্রবার সকালে তারা মাদ্রাসা থেকে নিজ নিজ বাড়িতে গিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করে আবার মাদ্রাসায় ফিরে আসে। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তারা বাড়ির উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হয়। কিন্তু এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও শিক্ষার্থীরা মাদ্রাসায় ফিরে না আসায় এবং পরিবারের সদস্যদের কাছেও তাদের অবস্থান নিশ্চিত না হওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
একই মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী একই দিনে নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। তারা বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর কোথায় গেছে, কারও সঙ্গে দেখা হয়েছে কি না কিংবা তাদের বর্তমান অবস্থান কোথায়—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ তিন শিক্ষার্থীর সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তাদের পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
সন্ধান চাওয়া হয়েছে: নিখোঁজ সিফাত, সাব্বির ও সাকিনের কোনো সন্ধান পেলে দ্রুত মাদ্রাসা কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট অভিভাবক অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তিন শিশুকে নিরাপদে ফিরে পেতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
মতামত