নিরাপদ সড়কের দাবি আর কত প্রাণহানির পর বাস্তবায়িত হবে? নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে পুলিশ ফাঁড়ির অপর পাশে ট্রাকের চাপায় মোঃ রশিদ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকালে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য নিয়ে যান।
পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। তবে এখনো ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। চালকের পরিচয়ও জানা যায়নি।
বনপাড়া বাজার নাটোর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র। ঢাকা, পাবনা ও রাজশাহীগামী অসংখ্য বাস, ট্রাক ও ভারী যানবাহন প্রতিদিন এই মহাসড়ক দিয়ে চলাচল করে। পাশাপাশি বাজারে আসা ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের নিয়মিত যাতায়াতে এলাকাটি সবসময় ব্যস্ত থাকে।
এমন জনবহুল এলাকায় পুলিশ ফাঁড়ির এত কাছেই প্রাণঘাতী দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তাঁদের প্রশ্ন, গুরুত্বপূর্ণ এই সড়কে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা কতটা রয়েছে?
চার লেনের দাবিতে আর কত অপেক্ষা?
বনপাড়া ও বড়াইগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি, বনপাড়া–হাটিকুমরুল মহাসড়ক এবং পাবনা–রাজশাহী মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করতে হবে। স্থানীয়দের অভিযোগ, যানবাহনের চাপ বাড়লেও নিরাপদ চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
তাঁদের দাবি, শুধু চার লেন নির্মাণ নয়, বনপাড়া বাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ফুটওভারব্রিজ, নিরাপদ সড়ক পারাপার, ফুটপাত, পর্যাপ্ত সড়কবাতি এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে।
৭৫ বছর বয়সী মোঃ রশিদের মৃত্যু আবারও সামনে নিয়ে এসেছে এই জনপদের দীর্ঘদিনের সড়ক নিরাপত্তার দাবি। একটি দুর্ঘটনার পর শোক প্রকাশ নয়, প্রয়োজন স্থায়ী ও কার্যকর সমাধান—এমনটাই মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটি দ্রুত আটক করে চালককে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দুই মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
বনপাড়া–বড়াইগ্রামবাসীর দাবি স্পষ্ট—আর কোনো প্রাণহানি নয়, আর কোনো মৃত্যুর মিছিল নয়। দ্রুত চার লেন চাই, নিরাপদ মহাসড়ক চাই।
মতামত