রাজধানীর মহাখালীতে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে জনপ্রিয় রেস্তোরাঁ ‘দূরবীন বাংলায়’ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রেস্তোরাঁয় খাবারের অর্ডার দেওয়ার পর তা পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ সময় রেস্তোরাঁর ম্যানেজারকে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ পর তিতুমীর কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী রেস্তোরাঁয় জড়ো হন। পরে তারা ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় রেস্তোরাঁর আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা সাধারণ ক্রেতারা।
পরে ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৩ নভেম্বর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, খাবারের অর্ডার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রথমে ঝগড়া ও পরে হাতাহাতি হয়। এরপর শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালান।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। তবে বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।
মতামত