শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজধানী

অটোরিকশার পক্ষে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

অটোরিকশার পক্ষে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবির বিরোধিতা করে নতুন অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তার দাবি, অটোরিকশা চলাচলের পক্ষে বক্তব্য দেওয়া একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের নিজেরই ৭০০টি অটোরিকশা রয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।ডিএনসিসি প্রশাসক বলেন, সাধারণ মানুষ অটোরিকশা চলাচলের পক্ষে আন্দোলন করবে না। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল প্রকাশ্যে অটোরিকশা চলাচলের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিষয়টি হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন, ওই নেতার নিজেরই ৭০০টি অটোরিকশা রয়েছে।রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মিল্টন বলেন, ঢাকার প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। দোকানের সামনে কিংবা ফুটপাতে কেউ যাতে অবৈধভাবে বসতে না পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিটি করপোরেশন কাজ করছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, দখলমুক্ত ফুটপাতের সৌন্দর্য বাড়াতে এবং সবুজায়ন নিশ্চিত করতে কাজ চলছে। যেসব এলাকার ফুটপাত ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কার করে পথচারীদের চলাচলের উপযোগী ও দৃষ্টিনন্দন করা হচ্ছে।এ সময় একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে ফুটপাতের হকারদের উসকানিমূলক পরামর্শ দেওয়ার অভিযোগও তোলেন ডিএনসিসি প্রশাসক। জনস্বার্থবিরোধী কোনো ষড়যন্ত্র হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।

রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৫২৮

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫৩টি মামলা করা হয়েছে এ সময়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৬৭ জন, ওয়ারী বিভাগ ৭৫ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১০২ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৬৩ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া অভিযানে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করা হয়। এ সময় ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের খালি মোড়ক ও বোতল ১৫০টি, লেবেলবিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি ছাঁচ রয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৫২৮

দুই বিমানকর্মীর জুতায় ৯ কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকানো ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থান নেয় সিআইআইডির একটি দল। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের EK0582 ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।তল্লাশির একপর্যায়ে তাদের পরা জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ৮০টি বারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, জুতার ভেতরে স্বর্ণ লুকিয়ে আনার ঘটনা চোরাচালানের একটি অভিনব পদ্ধতি। এসব স্বর্ণ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং ঢাকায় কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র বিমানকর্মীদের ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করে থাকতে পারে। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দুই বিমানকর্মীর জুতায় ৯ কেজি স্বর্ণ

মাইক্রোবাসে বসে রাড্ডায় হামলা-লুটের নির্দেশ দেন মিষ্টি

রাজধানীর মিরপুরে ঐতিহ্যবাহী ‘রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে’ হামলা, ভাঙচুর ও জায়গা দখলের চেষ্টার ঘটনায় সদ্য পদত্যাগকারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি ও তাঁর অনুসারীদের সরাসরি সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষোভ সৃষ্টিকারী এই নজিরবিহীন ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন পদস্থ নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।ঘটনাটির পেছনে প্রভাবশালী চক্রের স্বাস্থ্যকেন্দ্রের জমি দখল করে বিপণিবিতান (মার্কেট) নির্মাণের সুদূরপ্রসারী নীল নকশা ছিল বলে অনুসন্ধানে উঠে এসেছে।স্থানীয় সূত্র ও পুলিশের তদন্তে উঠে আসে, ঘটনার রাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানোর আগে রাত ১২টা ৫ মিনিটে শাহআলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে ‘শুটার লেলিন’-এর কার্যালয়ের সামনে সশস্ত্র ক্যাডাররা জড়ো হয়। অন্যদিকে, বিএনপি নেতা মোহাম্মদ হানিফ মিয়ার কার্যালয়ের সামনে থেকেও পৃথক দল জড়ো হয়ে স্বাস্থ্যকেন্দ্রের দিকে অগ্রসর হয়। স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের সময় পাশেই আন-নূরী জামে মসজিদ সড়কে একটি সাদা রঙয়ের মাইক্রোবাসে অবস্থান করছিলেন তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। গাড়িতে বসে তাঁর সঙ্গে থেকে পুরো হামলার দিকনির্দেশনা দিচ্ছিলেন যুবদল নেতা মোস্তফা জগলুল পাশা ওরফে পাপেল, হানিফ মিয়াসহ ঘনিষ্ঠ নেতারা। সেসময় শাহআলী থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম লাঠি হাতে দাঁড়িয়ে পথ পাহারা দেন।জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে দেশে ফিরেই ঘটনার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তদন্তে স্থানীয় সাবেক এমপি ও দলীয় নেতাদের যুক্ততার প্রমাণ মেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে কঠোর আইনি ও সাংগঠনিক পদক্ষেপের নির্দেশ দেন তিনি।ঘটনার পরই ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, মহানগর উত্তর যুবদল এবং পশ্চিম ছাত্রদলের কমিটি তাৎক্ষণিকভাবে বিলুপ্ত করা হয়েছে। এছাড়া শাহআলী, দারুসসালাম ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের প্রায় এক ডজন পদস্থ নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট জানিয়েছেন, "দলে ঢুকে যারা অনৈতিক, সন্ত্রাসী ও গর্হিত কর্মকাণ্ডে যুক্ত হয়ে শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।"রাড্ডাকাণ্ডে সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত প্রধান আসামি মোহাম্মদ হানিফ মিয়াসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার রাতে গুদারাঘাট এলাকা থেকে শুটার লেলিনের সহযোগী নুর আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তালিকায় ভেকু গাড়ির চালক থেকে শুরু করে স্থানীয় শ্রমিক দল ও বিএনপি সমর্থিত সমিতির একাধিক সদস্য রয়েছে।অন্যদিকে, গ্রেপ্তার এড়াতে গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত সাবেক এমপি মিষ্টিসহ মূল কারিগররা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িত সবাইকে নজরদারিতে রাখা হয়েছে এবং তদন্তে উঠে আসা অন্য রডবড় বা পেছন থেকে উসকানিদাতাদেরও আইনের আওতায় আনা হবে।

মাইক্রোবাসে বসে রাড্ডায় হামলা-লুটের নির্দেশ দেন মিষ্টি

হাফপ্যান্ট পরায় প্রশিক্ষককে হেনস্তা, মেট্রোরেলে তরুণদের অভিনব প্রতিবাদ

হাফপ্যান্ট পরাকে ‘অশালীন’ আখ্যা দিয়ে অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে মেট্রো স্টেশনে হয়রানির প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছেন কয়েকজন তরুণ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে হাফপ্যান্ট পরে ফার্মগেট মেট্রো স্টেশনে উপস্থিত হন তারা।গত ২৭ সেপ্টেম্বর শরীরচর্চা শেষে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গেলে সাজ্জাদ হোসেনকে ফার্মগেট স্টেশনে দায়িত্বরত এক পুলিশ সদস্য আটকে রাখেন। তার পোশাককে ‘অশালীন’ উল্লেখ করে টিকিট পাঞ্চের সামনে প্রায় ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠে। তবে মেট্রোরেলে চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ড্রেসকোড নেই।এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে!’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরার কারণে কাউকে হয়রানি করা বা গণপরিবহন ব্যবহারে বাধা দেওয়া উচিত নয়।সকাল ৭টার দিকে ফার্মগেটের আনোয়ারা উদ্যানসংলগ্ন মেট্রো স্টেশনের নিচে আসেন বেসরকারি চাকরিজীবী ও রানার সাগর মজুমদার, বেসরকারি চাকরিজীবী রকিবুল ইসলাম এবং ব্যবসায়ী মাহফুজুর রহমান। তাদের মধ্যে সাগর ও মাহফুজুর হাফপ্যান্ট পরে মেট্রোরেলে ওঠেন। তারা ফার্মগেট থেকে বিজয় সরণি স্টেশনের টিকিট কেটে ট্রেনে যাত্রা করেন।সাগর মজুমদার বলেন, দৌড়ানোর সময় শর্টস পরা স্বাচ্ছন্দ্যের। সাজ্জাদ হোসেনের মতো ভবিষ্যতে অন্য কোনো রানার বা যাত্রী যেন পোশাকের কারণে হয়রানির শিকার না হন, সে কারণেই তারা প্রতিবাদে অংশ নিয়েছেন।তিনি বলেন, শর্টসকে নেতিবাচকভাবে দেখার পরিবর্তে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত। তার ভাষায়, ‘সমস্যা শর্টসে নয়, সমস্যা হয়রানিতে।’এদিকে একই সময়ে ফার্মগেট স্টেশনের অন্য একটি প্রবেশপথ দিয়ে আরও দুই তরুণ হাফপ্যান্ট পরে মেট্রোরেলে ওঠেন বলে জানা গেছে। তারা ফার্মগেট থেকে মতিঝিলের টিকিট নিয়েছিলেন।এর আগে সাজ্জাদ হোসেনকে হয়রানির প্রতিবাদে আয়োজিত ফেসবুক ইভেন্টে বলা হয়, পোশাক নিয়ে কোনো বিধিনিষেধ থাকলে তা স্পষ্ট ও লিখিত নিয়মের মাধ্যমে জানানো উচিত। কর্মসূচিটিকে শান্তিপূর্ণ নাগরিক প্রতিবাদ হিসেবেও উল্লেখ করেন আয়োজকরা।

হাফপ্যান্ট পরায় প্রশিক্ষককে হেনস্তা, মেট্রোরেলে তরুণদের অভিনব প্রতিবাদ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও হকার-ব্যবসায়ীদের সাথে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।মিরপুর মডেল থানা সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় সিটি করপোরেশনের অভিযান পরিচালনাকালে দুর্ঘটনাবশত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে চরম ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় ফুটপাতের ব্যবসায়ী ও হকাররা।একপর্যায়ে তারা চড়াও হয়ে সিটি করপোরেশনের ৩টি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া উত্তেজিত জনতা অভিযানে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) এবং পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়।

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

আজ প্রকাশিত জাতীয় পত্রিকাগুলোতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ

রাজধানী ঢাকা থেকে আজ প্রকাশিত প্রধান প্রধান জাতীয় পত্রিকাগুলোতে ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের চাঞ্চল্যকর অভিযোগ, শীর্ষস্থানীয় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ও কন্টেন্ট ক্রিয়েটরের স্টুডিওতে সন্ত্রাসী হামলা এবং কিশোর গ্যাংয়ের আধিপত্যের খবর প্রাধান্য পেয়েছে। একই সঙ্গে অর্থবছরের শুরুতেই রাজস্ব ঘাটতি, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ঋণ সংকট ও ইরানের বিরুদ্ধে মার্কিন অনমনীয় অবস্থানের চিত্র উঠে এসেছে।ডিএমপির চাঁদাবাজদের তালিকায় শীর্ষে বিএনপি (নিউ এইজ): ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৈরি চাঁদাবাজ ও দখলদারদের এক হাজার ৫৩০ জনের তালিকায় ২৩০ জন বর্তমান ও সাবেক বিএনপি নেতা-কর্মীকে অপরাধের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ের ১,২৫২ জন সক্রিয় চাঁদাবাজের মধ্যে অন্তত ৩৫০ জন দলটির সঙ্গে যুক্ত। ফুটপাত, পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা ও জমি দখল খাতে দেড় বছরের অনুসন্ধানে এ তালিকা তৈরি করেছে পুলিশ।রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নির্দেশদাতারা অধরা (মানবজমিন, সমকাল ও আজকের পত্রিকা): মিরপুর ১ নম্বরের ‘রাড্ডা এমসিএইচ’ স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় সমিতির সম্পাদক শাহ আলম গাজীকে গ্রেপ্তার করা হলেও নেপথ্যের মূল প্রভাবশালী ও বিএনপি নেতা মো. হানিফ মিয়াসহ প্রধান ইন্ধনদাতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশের উপস্থিতিতেই জমি দখলের উদ্দেশ্যে দুই ট্রাক মালামাল লুট করা হয়, যা পরে পুলিশ উদ্ধার করে। ব্যাপক ভাঙচুরের মধ্যেও ধ্বংসস্তূপের সামনে বসে স্বাস্থ্যকর্মীরা সীমিত পরিসরে রোগীদের টিকা ও চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।আগ্নেয়াস্ত্র নিয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে তাণ্ডব (প্রথম আলো): ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে ৫টি পিকআপে করে আসা ২০০-৩০০ জন সশস্ত্র দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি করতে করতে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এতে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও, প্রপার্টিজের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং নির্মাণশ্রমিকদের মারধর করা হয়। ৩৫ কাঠা জমির মালিকানা বিরোধের জেরে এ হামলা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরকে 'ঘটনার শিকার' হিসেবে উল্লেখ করেছেন।অভিযানেও বেপরোয়া কিশোর গ্যাং (কালের কণ্ঠ): কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর সারা দেশে অভিযান চালিয়ে ৮৭৮ জনকে আটক করা হলেও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকায় কিশোর গ্যাংয়ের হামলা-ছিনতাই কমেনি। চট্টগ্রামে ৫০টির বেশি, বরিশালে প্রায় ৫০টি এবং খুলনায় ১০টি কিশোর অপরাধী চক্রের সক্রিয় থাকার তথ্য মিলেছে।শুরুতেই বাজেটের অর্থ জোগান নিয়ে দুশ্চিন্তা (বণিক বার্তা): ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার রেকর্ড বাজেটের বিপরীতে এনবিআরের ৭ লাখ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য থাকলেও প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) এসেছে মাত্র ৫১ হাজার ৮৯২ কোটি টাকা (লক্ষ্যমাত্রা ছিল ৮১,০৫৩ কোটি টাকা)। অর্থনৈতিক স্থবিরতা, উচ্চ ভর্তুকি, জ্বালানি ক্রয়ের বাড়তি ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে অর্থবছরের প্রথম প্রান্তিকেই মারাত্মক টানাপোড়েনে পড়েছে সরকার।পায়রা বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে চীনের 'না' (দেশ রূপান্তর): পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য চীনা এক্সিম ব্যাংকের দেড় বিলিয়ন ডলারের (১.৫ বিলিয়ন) ঋণ ছাড় নিয়ে দেখা দিয়েছে তীব্র অনিশ্চয়তা। চীনা সরকারের নতুন পরিবেশ নীতি এবং পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের দীর্ঘসূত্রতার কারণেই এ স্থবিরতা তৈরি হয়েছে। ইনভেস্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি চীনা প্রতিনিধিদলের সাথে বৈঠক করলেও নীতিনির্ধারণী বিষয় থাকায় কোনো মন্তব্য করতে রাজি হননি।সুত্রঃ বিবিসি বাংলা

আজ প্রকাশিত জাতীয় পত্রিকাগুলোতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। নিউ গিনি প্রপার্টিজের মালিকপক্ষের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই সেখানে হামলা ও ভাঙচুর হয়েছে।ওসি আরও বলেন, সালমান মুক্তাদিরের কাছে চাঁদা চাওয়ার সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই। এ ঘটনার পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া যায়নি। প্রপার্টিজের জায়গার মধ্যেই সালমানের স্টুডিও থাকায় সংঘর্ষের সময় সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে অবস্থিত স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষতিগ্রস্ত স্টুডিওর একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির।ভিডিওতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। কয়েকজন কর্মীকে কান্নারত অবস্থাতেও দেখা যায়। ভিডিওতে সালমান দাবি করেন, হামলার ঘটনায় পুরো স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।এর আগে সালমান মুক্তাদির অভিযোগ করেছিলেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে। তিনি সিসি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাব ভাঙচুর এবং মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেন।তবে পুলিশের তদন্তে এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিএমপি। তাদের দাবি, নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধই হামলার মূল কারণ।এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলায় কারা জড়িত এবং ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

বিএনপি নেতারা নানা ধরনের বক্তব্য দিয়ে রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, জনগণও এসব বিষয় বুঝতে পারছে এবং বিএনপি নেতাদের এমন বক্তব্যের কোনো মূল্য নেই।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, এটি সম্পূর্ণ অসত্য কথা এবং নিজেদের দুর্বলতা আড়াল করার চেষ্টা। জামায়াতের লংমার্চ কর্মসূচি চলছে এবং প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন—দুটি বিষয়ই সবার জানা বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, বিএনপির নেতারা বিষয়গুলোকে গুলিয়ে ফেলছেন। রাজনীতিতে যখন স্বাভাবিক যুক্তি ও ব্যাখ্যার ধারাবাহিকতা থাকে না, তখনই এ ধরনের বক্তব্য আসে। বিএনপি নেতারা ভুলভাল বক্তব্য দিয়ে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।দেশের চলমান পরিস্থিতি নিয়ে গোলাম পরওয়ার অভিযোগ করেন, জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা তাদের এলাকায় দুর্নীতি ও দলীয়করণের কারণে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। জনগণের ভোটে নির্বাচিত এমপিদের ওপর অনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের খবরদারি করার সুযোগ তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।তার ভাষ্য, এর ফলে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে দুর্নীতি ছড়িয়ে পড়ছে।এর আগে দুদিনব্যাপী জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলি আজম মো. আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমির হামজাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে পুলিশ। জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মসজিদের দ্বিতীয় তলায় অভিযানটি পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।পুলিশের দেওয়া বিশেষ বার্তা অনুযায়ী, শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় ‘মিট-আপে’ অংশ নিচ্ছিল। তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে সেখানে অভিযান চালায় পুলিশ।অভিযানের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ৩০ থেকে ৪০ জন সদস্য ঘটনাস্থলে ছিলেন। পরে সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়।ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদে বৈঠক করা ব্যক্তিদের আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয়, কর্মকাণ্ড এবং সম্ভাব্য সংশ্লিষ্টতা যাচাই-বাছাই চলছে।অভিযানের পর ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও উপস্থিত হন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা তাদের কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য আছে কি না, সেসবও খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, অভিযানের পর তেজগাঁও কলেজ জামে মসজিদ ও আশপাশের এলাকার পরিস্থিতি পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে তার সিলেট সার্কিট হাউজে যাওয়ার কথা রয়েছে। সেখানে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন।সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজারে যাওয়ার কথা রয়েছে তার।বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগর ভবনে সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সংবর্ধনা অনুষ্ঠান শেষে সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি। সফর শেষে রাত ৮টার দিকে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানিয়েছেন, সফর উপলক্ষে প্রায় এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর সঙ্গে অতিরিক্ত আরও ২০০ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকেও নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে।এদিকে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পর্যটননগরী সিলেটের সৌন্দর্য ও পরিবেশ যাতে রাষ্ট্রপতির সফরে যথাযথভাবে তুলে ধরা যায়, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নাগরিক সংবর্ধনার মাধ্যমে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিটি করপোরেশন প্রস্তুত বলেও জানান তিনি।

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি

ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী

ব্যবসা পরিচালনার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার পাশাপাশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতেই কোম্পানি আইন, ১৯৯৪-এর সংশোধন চূড়ান্ত করা হবে।সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ‘কোম্পানি আইন, ১৯৯৪ (তৃতীয় সংশোধন-২০২৬)’-এর খসড়া নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশ নেন।বাণিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে কোম্পানি আইনে বড় ধরনের সংশোধন হয়নি। এর মধ্যে ব্যবসা পরিচালনার পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার, বিনিয়োগের ধরন এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। এসব পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান আইনকে আধুনিক করা এখন প্রয়োজন।আইনটি দ্রুততার সঙ্গে চূড়ান্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই জানিয়ে তিনি বলেন, এই আইন মূলত ব্যবসায়ী সমাজের প্রয়োজনে ব্যবহৃত হবে। তাই সংশ্লিষ্টদের বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতি ও পরামর্শ বিবেচনায় নিয়েই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।খসড়া সংশোধনী পর্যালোচনা করে মতামত জানানোর জন্য ব্যবসায়ী ও অন্যান্য অংশীজনকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে এই সময়সীমা বাড়ানোর সুযোগও রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে দ্রুত মতামত দেওয়ার মাধ্যমে একটি কার্যকর ও ব্যবসাবান্ধব আইন তৈরিতে সহযোগিতা করতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।তিনি বলেন, বিভিন্ন দেশের কোম্পানি আইন পর্যালোচনা করে বাংলাদেশের জন্য উপযোগী বিষয়গুলো গ্রহণ করা হবে। বিশেষ করে যেসব দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ তুলনামূলক সহজ, সেসব দেশের অভিজ্ঞতা বাংলাদেশের ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে।এলডিসি থেকে উত্তরণসহ দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কোম্পানি আইন সংশোধন বৃহত্তর অর্থনৈতিক সংস্কার কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ব্যবসা পরিচালনা সহজ হলে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে।ব্যবসায়ীদের দায়িত্বশীল ও বাস্তবভিত্তিক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ব্যবস্থার সঙ্গে তুলনা করে এমন প্রস্তাব দিতে হবে, যা বাংলাদেশের ব্যবসায়িক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে এসব সংস্কার যেন দীর্ঘমেয়াদে একটি প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সহায়ক হয়, সেদিকেও নজর দিতে হবে।সভায় কোম্পানি আইন সংশোধনের খসড়া বিস্তারিত তুলে ধরেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির।সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), এপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বারবিডার সভাপতি আবদুল হক এবং ট্রান্সকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানসহ ব্যবসায়ী ও শিল্প খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, সাবেক সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য রয়েছেন। তাদের কেউ কেউ অতীতে র‍্যাবেও কর্মরত ছিলেন।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এই তথ্য জানিয়েছেন।গ্রেফতাররা হলো: তানভীর আবেদীন (জুই) (৪১), মো. মজিবুর রহমান (৬০), মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০), মো. সোলায়মান মৃধা (৫৫), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০), মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০) ও সজল চৌধুরী (৩১)।ফারুক হোসেন বলেন, গত ৩০ আগস্ট দুপুর ২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানাধীন ১২/এ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর মো. খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে ৮ থেকে ১০ জনের একটি দল। ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় তানভীর আবেদীন ও মো. মজিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা করা হয়। গ্রেফতারকৃত মজিবুর রহমানের তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেফতার করা হয়।তিনি বলেন, গ্রেফতারদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের আরও পাঁচ সদস্য মো. সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন এবং সজল চৌধুরীকে গ্রেফতার করা হয়।মো. ফারুক হোসেন আরও বলেন, অভিযানে মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিনের কাছ থেকে লুণ্ঠিত ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। সর্বমোট ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা ডাকাত সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এই সংক্রান্তে ধানমন্ডি মডেল থানায় একটি ডাকাতি মামলা এবং একটি অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, সাবেক সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

উত্তরার হোটেল কক্ষে চীনা নাগরিকের মরদেহ

রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, হোটেলটির নবম তলার ৯০৫ নম্বর কক্ষে মেঝেতে পড়ে থাকা অবস্থায় লি শিংচিয়াংকে দেখতে পান সংশ্লিষ্টরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উত্তরার হোটেল কক্ষে চীনা নাগরিকের মরদেহ

ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে বারবার যাচ্ছে বিদ্যুৎ

ঢাকায় আবারও বেড়েছে লোডশেডিং। দিন ও রাতের বিভিন্ন সময়ে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। তবে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে সন্ধ্যার পিক আওয়ারে, যখন বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ঘাটতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য বলছে, ২২ আগস্ট সন্ধ্যার পিক আওয়ারে ঢাকা অঞ্চলে বিদ্যুতের চাহিদা ছিল ৬ হাজার ৪৮৯ মেগাওয়াট। এর বিপরীতে লোডশেডিং করতে হয়েছে ৫৯৯ মেগাওয়াট।এক দিন আগে, ২১ আগস্ট একই সময়ে ঢাকায় বিদ্যুতের চাহিদা ছিল ৫ হাজার ৬৩৫ মেগাওয়াট এবং লোডশেডিং ছিল ২১৪ মেগাওয়াট। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে চাহিদা বেড়েছে ৮৫৪ মেগাওয়াট, আর লোডশেডিং বেড়েছে ৩৮৫ মেগাওয়াট।গত কয়েক দিনের তথ্যেও বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ওঠানামার চিত্র পাওয়া যাচ্ছে। ২০ আগস্ট সন্ধ্যায় ৬ হাজার ২৫১ মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং ছিল ৫৫৪ মেগাওয়াট। ১৯ আগস্ট এই পরিমাণ ছিল ৬৪০ মেগাওয়াট, যা ১৮ থেকে ২২ আগস্টের মধ্যে সর্বোচ্চ। ১৮ আগস্ট ৬ হাজার ১৮৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং করা হয়েছিল ১৫৪ মেগাওয়াট।বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের মতে, গ্যাসের ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা অনুযায়ী উৎপাদন না হওয়া এবং চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাই লোডশেডিং বাড়ার অন্যতম কারণ। বিশেষ করে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যাপ্ত গ্যাস না পেলে উৎপাদন কমে যায়। এর প্রভাব পড়ে জাতীয় গ্রিডে।দেশজুড়ে গ্যাস সরবরাহ সংকট অব্যাহত থাকায় বেশ কিছু গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। ফলে বিদ্যুতের ঘাটতি তৈরি হয়ে বিশেষ করে সন্ধ্যার পিক আওয়ারে ঢাকার বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ছে।

ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে বারবার যাচ্ছে বিদ্যুৎ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream