রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতি পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ সিট ও গ্লাস পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭, বিহারি মিল্লাত ক্যাম্পের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের মধুমতি পরিবহণের বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির ভেতরের অধিকাংশ সিট ও গ্লাস পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।
পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মধুমতি পরিবহণের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। আগুনে বাসটির আংশিক পুড়ে গেছে। ঘটনার পর পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
মতামত