আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে যশোর শহরের ঈদগাহ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জাতীয় ঐক্য হতে হবে জনগণের ঐক্য, কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়। জনগণের গণভোটের রায় মেনে নেওয়া এবং আগামী জানুয়ারি মাসে সংসদে সংস্কার পরিষদের সুপারিশ অনুযায়ী সংবিধান সংস্কার করলেই ঐক্যের পথ তৈরি হতে পারে।
তিনি বলেন, সরকার যদি জনগণের গণরায় উপেক্ষা করে, তাহলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর ঐক্য গড়ে উঠবে না।
অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের ব্যর্থতার দায়ভার নেবে না। দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ড দেশের ভবিষ্যৎকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
৫ আগস্টের বিপ্লব ও গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংবিধান সংস্কার ও জুলাই সনদের পক্ষে রায় দিয়েছিলেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রী ও সংসদ সদস্যরাও ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছিলেন। কিন্তু সংসদে গিয়ে সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সেক্রেটারি আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন ও নজরুল ইসলাম হান্নান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেন এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুজ্জামান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মতামত