রাজধানীতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকানো এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় পুলিশি টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে।
রাজধানীর শাহবাগ, বাংলামোটর, পল্টন, কাকরাইল, রামপুরা, বাড্ডা, ফার্মগেট, মিরপুর, উত্তরা ও শ্যামলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। এসব স্থানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। এর মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদি বলেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এ তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতামত