মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
হাসিনাসহ ৩০ পলাতক আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ ট্রাইব্যুনালের

হাসিনাসহ ৩০ পলাতক আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ ট্রাইব্যুনালের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০ আসামির জন্য শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ৭ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এদিকে এ মামলায় আজ সকালে ট্রাইব্যুনালে আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন করলেও পরে তা নাকচ করেন আদালত। এর আগে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় হাসানুল হক ইনু, দিপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, ফারজানা রুপাসহ ১১ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হয় এ বিষয়ে শুনানি। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামি। এর আগে এ মামলায় পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কেউই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেনি। চলতি বছরের ২৭ জুলাই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ডের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে অভিযোগে বলা হয়েছে ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ হেফাজতে ইসলামকে নির্মূল করতে হত্যাযজ্ঞ চালানো হয়।

নেপালের পর্যটন এলাকা থেকে ১০ বাংলাদেশি আটক

সন্দেহজনক কর্মকাণ্ড ও ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে ১০ জন বাংলাদেশি নাগরিককে নেপালের রাজধানী কাঠমান্ডুর পর্যটন এলাকা থামেল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। থামেল এলাকার একাধিক হোটেল থেকে গত সোমবার (৭ সেপ্টেম্বর)  তাঁদের আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের আইনি পদক্ষেপ ও অনুসন্ধানের জন্য নেপালের অভিবাসন দপ্তরে হস্তান্তর করা হয়েছে। পুলিশের উপত্যকা অপরাধ তদন্ত কার্যালয়ের বরাত দিয়ে নেপালি গণমাধ্যমগুলো জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে থামেল ২৬ নম্বর ওয়ার্ডের হোটেলগুলোতে এই অভিযান চালানো হয়। অভিবাসন বিভাগ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। অভিযানের স্থান ও গ্রেপ্তারকৃতদের বিষয়ে পুলিশের উপত্যকা অপরাধ তদন্ত কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) শরদ কুমার থাপা ছেত্রী জানান, থামেল এলাকায় বেশ কিছু বাংলাদেশি নাগরিকের বিশৃঙ্খলা ও সন্দেহজনক তৎপরতার খবর পেয়ে পুলিশ ব্যবস্থা নেয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, থামেল এলাকার ‘হোটেল ঢাকা এক্সপ্রেস’, ‘হোটেল দি ভেদা’ এবং ‘হোটেল আল-রহমান’ নামের তিনটি বাণিজ্যিক আবাসিক হোটেল থেকে এই ১০ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন: ফাহিমা আক্তার হাসান (৪৬), মাহমুদ (৪৮), মাহবুব হাসান (৪৫), রিপন মাহমুদ (৪৯), মো. কারামত আলী খান (৩০), সাইদুর রহমান (৩০), মো. খলিলুর রহমান (৫০), আরিফুর রহমান (২৮), মো. মারুফ মৃধা (৪২), মোহাম্মদ হানিফ মিয়া (৬৪)। পুলিশ আরও জানিয়েছে, অভিযানের সময় এই দলের সঙ্গে সম্পৃক্ত ‘খাতুনে জান্নাত’ নামের এক নারী পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে পুলিশি অনুসন্ধান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে চলমান তদন্তের বিষয়ে নেপাল অভিবাসন দপ্তরের পরিচালক তিকারাম ঢাকাল জানান, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘আটককৃতদের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত একজন নিজ ভিসার মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় ধরে (ওভারস্টে) অবৈধভাবে অবস্থান করছিলেন। অন্য আসামিরা কী উদ্দেশ্যে অবস্থান করছিলেন এবং কী কাজে জড়িত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’ তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আটক ব্যক্তিরা থামেলের ‘মুসলিমা টোল’ এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন সময় স্থানীয়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তেন। পাশাপাশি তাঁরা যে ভিসায় নেপালে প্রবেশ করেছিলেন, তার শর্ত লঙ্ঘন করে অর্থ উপার্জনমূলক এবং অন্যান্য অননুমোদিত কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। কাঠমান্ডুকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বাংলাদেশিদের তৃতীয় কোনো দেশে পাঠানোর নামে প্রতারণা করার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও নেপাল পুলিশ একাধিক চক্রকে গ্রেপ্তার করেছিল, যারা ইউরোপ বা উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণদের কাঠমান্ডুতে এনে জিম্মি করত এবং মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। পুলিশের তদন্তকারীরা খতিয়ে দেখছেন, সম্প্রতি গ্রেপ্তার হওয়া এই ১০ জনও একই ধরনের কোনো মানব পাচার, চাকরির ভুয়া প্রলোভন বা অবৈধ অর্থ লেনদেনকারী সিন্ডিকেটের সঙ্গে জড়িত কি না। নেপালের অভিবাসন দপ্তরের তদন্ত সম্পন্ন হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা, কারাদণ্ড বা নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) মতো আইনানুগ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নেপালের পর্যটন এলাকা থেকে ১০ বাংলাদেশি আটক

ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশটা সবার। তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। সকলে মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব। অনুষ্ঠানস্থল থেকে অনলাইনে দেশের সব জেলার স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লাখ লাখ তরুণের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে তারেক রহমান তরুণদের শক্তির পরিসংখ্যান তুলে ধরে বলেন, বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্য ২২ হাজার। এছাড়া হাইস্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কোটি এবং প্রাথমিক পর্যায়ে আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এত বিশাল সংখ্যক মানুষ দেশ পুনর্গঠনে নামলে কেউ আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না। তরুণ সমাজের পরিবর্তনের ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে সেটা করা সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের ৫ আগস্ট তারা সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে। পরিবর্তনের সূচনা সেখান থেকেই হয়েছে। দেশব্যাপী শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযানের লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে। কাজেই আসেন, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আগামী তিন মাস আমরা এই যে ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করবো। হয়তো আমরা ১০০ ভাগ পারবো না, কিন্তু অন্তত ৮০ ভাগ আমরা পারবো।’ এসময় পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিদিন এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, ‘আমি এই যে যেই কথাটা বলেছি ২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে দেশকে কী করে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে। তরুণ সমাজের কাছে আমার আহ্বান আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি।’

ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার (১২ সেপ্টেম্বর)ও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ওই দিন আট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

রাজধানীর শাহআলীতে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনে সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন শাহআলী থানার উপপরিদর্শক আতোয়ার রহমান। নিহত মেহেদীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। তিনি বর্তমানে মিরপুর থানার বড়বাগ এলাকায় থাকতেন। সাইনবোর্ড তৈরির কাজ করতেন মেহেদী। এসআই আতোয়ার রহমান জানান, মধ্যরাতে শাহআলী মহিলা কলেজের সামনের সড়ক থেকে চাকুসহ একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর পুলিশ জানতে পারে, ওই ব্যক্তি পাশেই এক যুবককে ছুরিকাঘাত করেছেন। পরে আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি ছিনতাইয়ের ঘটনা, নাকি পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই আতোয়ার রহমান।  

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে মামলা দায়ের হয়েছে ৪৪টি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।  ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পুলিশের রমনা বিভাগ ২৬ জনকে, লালবাগ বিভাগ ৩৩ জনকে, ওয়ারী বিভাগ ৪২ জনকে, মতিঝিল বিভাগ ৫৯ জনকে, তেজগাঁও বিভাগ ৫৯ জনকে, মিরপুর বিভাগ ১৩৬ জনকে, গুলশান বিভাগ ৩৬ জনকে, উত্তরা বিভাগ ৩৬ জনকে ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করেছে।  অভিযানে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৫৮৯ পিস ইয়াবা, ৯.৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি বুপ্রেনরফিন ইনজেকশন, নগদ ১৫৪০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।   

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার

লোডশেডিংয়ের জন্য দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী

 লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ঠিক থাকলে কয়েকদিনের মধ্যে গ্যাস-সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আর তখন বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দোয়া-মোনাজাত ও দরিদ্রদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে “গ্যাস দে, বিদ্যুৎ দে”; এগুলো হঠকারিতা। তাদের বন্ধুরাই ক্ষমতায় ছিল, অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল বসানো বন্ধ করে দিয়েছে। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল বানানোর চেষ্টা করছে, এ জন্য সময় লাগবে। সংকট সমাধানে সরকার চীন ও মালয়েশিয়ার সাথে কথা বলেছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, সেগুলো সরকার গ্রহণ করবে। যদি না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। জনগণের উপকার হবে সেই রকম পরিকল্পনা থাকলে উপস্থাপন করুন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।’ তারেক রহমান বলেন, ‘ঢাকা-১৭ আসনে আমাদের প্রতিনিধিরা জনগণের সেবায় কাজ করছেন। পাশের লেকটি পরিষ্কার করতে ছয় মাস সময় লাগে। এসব সহজ কাজ না। কিন্তু সমালোচনা করা সহজ। তাই যারা সমালোচনায় ব্যস্ত আছেন, তারা এখনই মাঠে নামুন। মানুষ এবং দেশের জন্য কাজ করুন, সঠিক কথা বলুন। দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এমন কথা বলা থেকে বিরত থাকুন।’

লোডশেডিংয়ের জন্য দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream