তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ৩০ টাকা।
প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কার্যক্রম চালুর পরিকল্পনা করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত বাজেট বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। অর্থ বিভাগের অনুমোদন ও বরাদ্দ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ঢাকা মহানগর ও ঢাকার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে এ কার্যক্রম চালু করা হবে।
পোশাকশ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকে চাল বিক্রির পরিকল্পনা রয়েছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে প্রতিদিন মোট ৩৭৫ টন চাল বিক্রি করা হবে। তিন মাসে এ কর্মসূচির জন্য প্রয়োজন হবে মোট ৪ হাজার ৫০০ টন চাল।
খাদ্য মন্ত্রণালয়ের মতে, সরকারি খাদ্যশস্যের বিদ্যমান মজুত ব্যবহার করেই এ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব। চাল সরবরাহ, পরিবহণ ও ট্রাকে বিক্রির ব্যবস্থাপনাও প্রস্তাবে তুলে ধরা হয়েছে।
এদিকে অর্থনীতিবিদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ কর্মসূচিটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তবে তাঁর মতে, তিন মাসের পরিবর্তে দীর্ঘমেয়াদে এ সুবিধা চালু রাখা হলে শ্রমিকরা বেশি উপকৃত হবেন।
তিনি বলেন, তিন মাস পর ৩০ টাকা কেজি দরে চাল পাওয়ার সুবিধা বন্ধ হলে শ্রমিকদের আবার সংকটে পড়তে হতে পারে। তাই বেতনের সঙ্গে সমন্বয় করে খাদ্য সহায়তা দীর্ঘমেয়াদে চালু রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি দ্রুত নতুন মজুরি নির্ধারণের ওপরও গুরুত্ব দেন।
অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে খাদ্য ভর্তুকি বাড়বে এবং বাজেটে অতিরিক্ত চাপ তৈরি হবে। তবে শ্রমিকদের কল্যাণে সরকার আন্তরিক।
অন্যদিকে, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়াও চলছে। গত ১ নভেম্বর অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ সর্বনিম্ন গ্রেডের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
তবে বিশেষ ওএমএস কার্যক্রম শুরুর বিষয়টি এখনো অর্থ বিভাগের অনুমোদন ও বাজেট বরাদ্দের ওপর নির্ভর করছে।
মতামত