ফরিদপুরের সালথায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের বাইপাস সড়ক থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর ও সদস্যসচিব মামুন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন ও হাবিব রহমান হাবিব, সদস্য ইয়াসিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নান্নু মোল্লা, লুৎফর মাতুব্বর ও কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আকুব্বর মাতুব্বর, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, ভাওয়াল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি দেলোয়ার মাতুব্বরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা সালথা উপজেলায় কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে স্বেচ্ছাসেবক দল তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় একজন মানুষের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।
বক্তারা আরও বলেন, এসব অপতৎপরতা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যুবদল ও ছাত্রদল ঐক্যবদ্ধ রয়েছে। কোথাও কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা চোখে পড়লে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় তাঁরা যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। কোনো অবস্থাতেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
মতামত