বাগেরহাটে অভাবের তাড়নায় দেড় বছরের সন্তান বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য।পেটের ভাত ও চিকিৎসার ব্যয় মেটাতে না পেরে চরম অসহায়ত্ব থেকে দেড় বছরের নিজের সন্তানকে মাত্র ৩০ হাজার টাকায় অন্যের কাছে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণী মায়ের বিরুদ্ধে। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনাটি মোড়েলগঞ্জ ও মোংলাজুড়ে তীব্র আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৮ বছর বয়সী তরুণী আনিকা আক্তারের সঙ্গে প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরীর বিয়ে হয়। এই দম্পতির কোলজুড়ে আসে ফুটফুটে এক পুত্রসন্তান, যার নাম আলআমিন।
কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের পরিবারে অশান্তি শুরু হয়। স্বামী যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে নিরুপায় হয়ে একমাত্র সন্তানকে নিয়ে নিজের বাবার বাড়িতে এসে আশ্রয় নেন আনিকা। সেখানে চরম অসচ্ছলতার কারণে নিজের এবং সন্তানের দুবেলা অন্ন জোগানো তার জন্য অসম্ভব হয়ে পড়ে।
অবশেষে গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্থানীয় এক প্রতিবেশীর স্ত্রী ও শিশুটির নানার সহযোগিতায় মোংলা উপজেলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশু আলআমিনকে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় প্রতিবাদের ঝড় ওঠে।
কান্নাবিজড়িত কণ্ঠে মা আনিকা আক্তার বলেন, ‘আমার বাচ্চাকে খাবার দিতে পারতাম না, অসুস্থ হলে চিকিৎসাও করাতে পারতাম না। অনেক কষ্টে আছি বলেই নিজ ইচ্ছায় ওকে অন্য কারও কাছে দিয়েছি, যাতে ও অন্তত ভালো থাকে।’
এদিকে মা হিসেবে আনিকার অপরাধ বা অসহায়ত্ব যাই থাকুক না কেন, এই ঘটনায় একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা শিশুটির সঠিক সন্ধান ও নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি একটি তথ্য পেয়েছি। শিশুটির মা ও সংশ্লিষ্টদের আগামীকাল ডাকা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মতামত