মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা ও মন্দির স্থানান্তরের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট শ্রমিক অসন্তোষের অবসান ঘটেছে। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় খেজুরিছড়া চা বাগানের শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এতে বাগানের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনার পথ তৈরি হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনা ও মতামতের ভিত্তিতে এ সমঝোতা হয়।
সভায় বাগান কর্তৃপক্ষ,আন্দোলনরত শ্রমিকদের প্রতিনিধি,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় শ্রমিক ও মালিকপক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চারটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী,খেজুরিছড়া চা বাগানে ধর্মীয় উপাসনালয় অক্ষুণ্ন রেখে পূজা উদযাপন করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি কমিটি গঠন করা হবে। কমিটি পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে।
এ ছাড়া মন্দিরের চলমান সংস্কার ও উন্নয়নকাজ এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে যথাসম্ভব বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সমঝোতা অনুযায়ী,বাগানের ডিজিএম ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিংবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়,এমন কোনো বক্তব্য দেবেন না বা কর্মকাণ্ডে জড়াবেন না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অপসারণ,শাস্তিমূলক বা বিভাগীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
একই সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কোনো পক্ষের স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়,সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য,ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে বাধা প্রদান এবং মন্দির স্থানান্তরের অভিযোগকে কেন্দ্র করে বাগানের সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং বাগানের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।
শুক্রবারের সভায় উভয় পক্ষের প্রতিনিধি ও মধ্যস্থতাকারীরা উপস্থিত থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সংশ্লিষ্টদের সম্মতিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে খেজুরিছড়া চা বাগানে শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
মতামত