দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ লক্ষ্যে বাড়তি পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। এ জন্য টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আইজিপি পেশাদারত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। একই সঙ্গে কোনো নিরপরাধ সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার কথা বলেন।
এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।
মতামত