রাজধানী ঢাকায় ধারাবাহিক নাশকতার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সোমবার রাতে মালিবাগ ও মৌচাক এলাকায় অল্প সময়ের ব্যবধানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফার্মগেট ও তেজগাঁও এলাকাতেও ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে মৌচাক মোড়ে দেশ টেলিভিশনের কার্যালয়ের সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর কিছুক্ষণ পর মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরপর এসব বিস্ফোরণে আশপাশের পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। কাউকে গ্রেপ্তারের তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সন্ধ্যা থেকে রাজধানীর আরও কয়েকটি এলাকায় নাশকতার ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া টিএসসি এলাকা থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করেন শিক্ষার্থীরা। এ সময় দুজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অন্যদিকে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইউনিভার্সিটি-সংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
মতামত