রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের ওপর হামলার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি অপরাধী চক্র ‘জাকির গ্রুপের’ সদস্যদের। বিশেষ অভিযান চালিয়ে চক্রটির মূল হোতা জাকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই, একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটার ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। তবে পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় জাকিরসহ চারজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার জাকির একজন তালিকাভুক্ত ছিনতাইকারী ও ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে আগে থেকেই ১০টি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জাকির ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি, লাউতলা ও চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
ওসি আব্দুল হালিম আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত