মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্ষণ মামলায় ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শ্রীমঙ্গল সিএনজি স্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম তামিম হোসেন (৩০)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ (পূর্ব বটিয়া পাড়া) এলাকার চুনু মিয়ার ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-২,মৌলভীবাজারের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। তামিম হোসেনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার ২০২২ সালের ১৭ নভেম্বর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলার নম্বর ২১ এবং জিআর নম্বর ৩৩৭/২২। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
মতামত