টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় জুমার নামাজ আদায়ের সময় মসজিদ প্রাঙ্গণ থেকে চুরির হওয়া একটি মোটরসাইকেল জিপিএস (GPS) প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয়েছে। এ সময় চোর চক্রের এক সদস্যকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল জুমার নামাজের সময় দেলদুয়ার উপজেলার সুবর্ণতলী জামে মসজিদ প্রাঙ্গণে মোটরসাইকেলটি রেখে ভেতরে নামাজ পড়তে যান মালিক জিহাদ মিয়া। নামাজ শেষে বাইরে এসে তিনি দেখেন তার ব্যবহৃত মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে চরম বিপাকে পড়েন তিনি।
পরবর্তীতে গাড়িতে থাকা আধুনিক জিপিএস (GPS) ট্র্যাকারের সিগন্যাল ও লোকেশন অনুসরণ করে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। জিপিএসের নিখুঁত তথ্যের সূত্র ধরে পরবর্তীতে লাউহাটি এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত চোরকে আটক করা হয়।
আধুনিক এই প্রযুক্তির কারণে অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া মূল্যবান বাহনটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময়ে এ ধরনের চুরি প্রতিরোধে ব্যক্তিগত যানবাহনে জিপিএস ডিভাইস বা সিকিউরিটি লক ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। মালিকদের নিজ নিজ যানবাহনের সুরক্ষায় আরও বেশি সতর্ক ও সাবধান থাকার অনুরোধ জানানো হয়েছে।
মতামত