স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও একটি সেতুর অভাবে দুর্ভোগ পিছু ছাড়েনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আট গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষের। টাঙ্গন নদীর ঘিডোব ঘাটে সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে তাদের। বর্ষা মৌসুমে নদী পার হতে হয় কলাগাছের ভেলায়। বছরের পর বছর ধরে এমন দুর্ভোগ চললেও স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ এখনো বাস্তবায়িত হয়নি।
টাঙ্গন নদী পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ, খনগাঁও ও সৈয়দপুর ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করেছে। নদীর পূর্বপাড়ের মানুষকে উপজেলা সদরসহ কোষারানীগঞ্জ ও খনগাঁও ইউনিয়ন পরিষদে যাতায়াত করতে নদী পার হতে হয়। যোগাযোগব্যবস্থার উন্নয়নে নদীর ওপর ইতোমধ্যে দুটি সেতু নির্মাণ করা হয়েছে। এতে সৈয়দপুর ও কোষারানীগঞ্জ ইউনিয়নের মানুষ উপকৃত হলেও ঘিডোব ঘাটে সেতু না থাকায় এখনো চরম দুর্ভোগে রয়েছেন ঘিডোব, হাবীবপুর, অতরগাঁওসহ আশপাশের আট গ্রামের মানুষ।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে গেলে পারাপারের একমাত্র ভরসা হয়ে ওঠে কলাগাছের ভেলা। আর শুকনো মৌসুমে নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে তৈরি করেন অস্থায়ী সাঁকো। কিন্তু বছর ঘুরতেই সেটি নড়বড়ে হয়ে পড়ে। জীবিকার তাগিদে প্রতিদিন শত শত নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুকে জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হতে হয়।
বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। নদীর পানি বৃদ্ধি পেলে সাঁকো দিয়ে চলাচল কঠিন হয়ে পড়ে। তখন কলাগাছের ভেলায় নদী পার হতে হয়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে যেমন ভোগান্তি পোহাতে হয়, তেমনি সব সময় দুর্ঘটনার আশঙ্কাও থাকে।
শুধু মানুষের চলাচল নয়, সেতুর অভাবে ব্যাহত হচ্ছে এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্যও। স্থানীয় কৃষকদের উৎপাদিত ধান, চাল, পাট, ভুট্টা, গম, আদা, মরিচ, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন কৃষিপণ্য পীরগঞ্জ বাজারে নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ভারী মালামাল নিয়ে বাঁশের সাঁকো পার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় প্রায় ৯ কিলোমিটার ঘুরে বাজারে যেতে হয়। এতে পণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে।
ঘিডোব গ্রামের অনিল চন্দ্র জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু আশ্বাস ছাড়া কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে পীরগঞ্জ উপজেলা শহরসহ আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগব্যবস্থা সহজ হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
বিএনপি নেতা নুরুজ্জামান বলেন, ঘিডোব ঘাটে একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। সেতুর অভাবে আট গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
পীরগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, ওই স্থানে সম্ভাব্যতা যাচাই করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জানান, টাঙ্গন নদীতে ইতোমধ্যে দুটি সেতু নির্মাণ করা হয়েছে। ঘিডোব ঘাটেও সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ডিও (আধা সরকারি পত্র) দেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, আশ্বাস নয়—এবার বাস্তবায়ন হোক সেতু নির্মাণের উদ্যোগ। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাক আট গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ।
মতামত