যশোর শহরে চোরাগুপ্ত বোমা হামলা ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখা।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের ভৈরব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।
সমাবেশে বক্তারা যশোর শহরে বোমা হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তাঁরা প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তাঁরা।
সমাবেশ শেষে ভৈরব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, পেশাজীবী থানা সভাপতি খন্দকার রাশেদুজ্জামান রতন এবং শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত