রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে মিরপুর-১৩ নম্বরের বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত ওই কার্যালয়ে এই অতর্কিত হামলা চালানো হয়। এতে কার্যালয়ের অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার পর লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। হামলাকারীরা ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাও অংশ ব্যাপকভাবে ভাঙচুর করে। ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও মূল কাচের দরজা বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি বলে দাবি করেছেন কর্মকর্তারা। এছাড়া ভবনে থাকা শফিকুল ইসলাম খান মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়।
শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তাঁরা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশনায় নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন।
মামুন পাটোয়ারী বলেন, “সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী এসে কার্যালয়ে ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা সেখান থেকে সরে যেতে বাধ্য হই।”
তিনি আরও অভিযোগ করেন, ভবনের অন্যান্য স্থাপনার তুলনায় মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই তাঁদের কার্যালয়ে বেশি ভাঙচুর চালানো হয়েছে। সম্প্রতি রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানের জেরে ক্ষুব্ধ কোনো পক্ষ এই হামলা চালিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
কার্যালয়ের কর্মকর্তাদের অভিযোগ, হামলার বিষয়ে পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হলেও অধিকাংশ ভাঙচুর শেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এদিকে হামলার ঘটনার পর ভবনটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তবে পরবর্তী সময়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি বলে জানা গেছে।
মতামত