ইরান, ওমান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং ‘উত্তর-দক্ষিণ করিডোর’-এর বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছেন। এ নিয়ে মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাটে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়োর সাইদভ। বৈঠকের আয়োজন করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে তিন দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিবহন ও পণ্য পরিবহনের ট্রানজিট ব্যবস্থা উন্নত করে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও কথা বলেন তারা।
এ সময় মধ্য এশিয়া থেকে পারস্য উপসাগর ও ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত ‘উত্তর-দক্ষিণ করিডোর’-এর বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পায়। এই করিডোর ব্যবহার করে তিন দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানান মন্ত্রীরা।
তারা বলেন, করিডোরটি কার্যকরভাবে ব্যবহার করা গেলে আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এ জন্য পরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং বিদ্যমান ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন তারা।
বৈঠকে তিন দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ ও পরিবহন সংযোগ আরও শক্তিশালী করার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনের বিষয়েও মতবিনিময় হয়।
মতামত