গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর এক মাসেরও কম সময় বাকি। এর মধ্যেই যৌথ কমিটির ৯১তম বৈঠকে যোগ দিতে ভারতের চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
বাংলাদেশ ও ভারতের সদস্যদের নিয়ে গঠিত যৌথ কমিটির কাজ হলো গঙ্গার পানি বণ্টন কার্যক্রম পর্যবেক্ষণ করা। তবে ভারত সরকারের সূত্র জানিয়েছে, এবারের বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি থাকছে না। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে।
ভারতের একটি সরকারি সূত্র দ্য প্রিন্টকে জানিয়েছে, যৌথ কমিটির এই বৈঠক নিয়মিত কার্যক্রমের অংশ। এতে কমিটির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হবে। চুক্তি অনুযায়ী, ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে বছরে তিনবার এই কমিটির বৈঠক হওয়ার কথা।
চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী, যৌথ কমিটিকে গঙ্গার পানি বণ্টন সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করে প্রতিবছর দুই দেশের সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হয়। ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্যদের নেতৃত্বে গঠিত এই কমিটির সর্বশেষ বৈঠক গত ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল।
অন্যদিকে, চুক্তির সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী, পানি বণ্টন চুক্তির শর্ত বাস্তবায়ন করা যৌথ কমিটির দায়িত্ব। এ ছাড়া চুক্তি কার্যকরে কোনো সমস্যা দেখা দিলে তা পর্যালোচনা করা এবং ফারাক্কা ব্যারাজ পরিচালনার বিষয়টিও দেখভাল করে এই কমিটি।
এ সংক্রান্ত কোনো মতপার্থক্য বা বিরোধ যৌথ কমিটির মাধ্যমে সমাধান করা সম্ভব না হলে তা ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনে (জেআরসি) পাঠানো হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কমিশনের দায়িত্ব হলো ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদ-নদীসংক্রান্ত সব বিষয় তদারকি করা।
৩০ বছর মেয়াদি পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও এর ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি। ভারতের আরেকটি সরকারি সূত্র দ্য প্রিন্টকে জানিয়েছে, চুক্তিটি পুনরায় আলোচনা করে নতুন করে করার বিষয়ে এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
ওই সূত্র বলেছে, ‘চুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না এবং বাড়ানো হলে কী শর্তে তা করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি রাজনৈতিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়।’
বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গত সেপ্টেম্বরে দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, নতুন করে গঙ্গার পানি বণ্টন চুক্তি করার ক্ষেত্রে ভারতের উচিত ১৯৭৭ সালের চুক্তিতে থাকা ‘গ্যারান্টি ক্লজ’ বা নিশ্চয়তা-সংক্রান্ত ধারাটি অন্তর্ভুক্ত করা। তিনি বলেছিলেন, ‘চুক্তিটি নবায়নের ক্ষেত্রে আমাদের অন্যতম দাবি হলো গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করা। এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।’
এই ‘গ্যারান্টি ক্লজ’-এর মাধ্যমে শুষ্ক মৌসুমের সবচেয়ে সংকটপূর্ণ সময়ে ভাটির দেশ বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। অন্যদিকে, ভারতের ভেতরেও গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে বিভিন্ন অংশীজন রাজ্যের পক্ষ থেকে আপত্তি উঠেছে। এর মধ্যে রয়েছে বিহার।
ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য এবং জনতা দলের (ইউনাইটেড) জাতীয় সভাপতি সঞ্জয় কুমার ঝা চলতি বছরের শুরুতে এই চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছিলেন। জনতা দল (ইউনাইটেড) বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) গুরুত্বপূর্ণ শরিক দল। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বণ্টন চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় ভারতের গঙ্গা নদীর সর্বশেষ নিয়ন্ত্রণ কাঠামো ফারাক্কায় পানিপ্রবাহের ভিত্তিতে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনভিত্তিক হিসাব অনুযায়ী এই পানি ভাগ করা হয়। চুক্তিতে পানি বণ্টনের জন্য একটি নির্দিষ্ট সূত্র বা ফর্মুলা নির্ধারণ করা হয়েছে।
চুক্তির নির্ধারিত ফর্মুলা অনুযায়ী, গঙ্গায় পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ৭০ হাজার কিউসেক বা তার কম হলে ভারত ও বাংলাদেশ সমান পরিমাণ পানি পাবে। পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক পানি। বাকি পানি পাবে ভারত।
অন্যদিকে, নদীতে পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক পানি। অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ। শুষ্ক মৌসুমের সবচেয়ে সংকটপূর্ণ সময়ে গঙ্গার পানি বণ্টনের জন্যও চুক্তিতে আলাদা একটি ফর্মুলা রয়েছে। ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকে। এই সময়ের মধ্যে পর্যায়ক্রমে তিনটি ১০ দিন মেয়াদি সময়ে ভারত ও বাংলাদেশ উভয় দেশই ৩৫ হাজার কিউসেক করে পানি পায়।
তবে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ অস্বাভাবিকভাবে কমে গেলে বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার কোনো বাধ্যতামূলক নিশ্চয়তা বর্তমান চুক্তিতে নেই। চুক্তিতে বলা হয়েছে, কোনো ১০ দিন মেয়াদি সময়ে ফারাক্কায় পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশ ‘জরুরি ভিত্তিতে সমন্বয় করার জন্য অবিলম্বে আলোচনা’ শুরু করবে। এ ক্ষেত্রে ‘ন্যায্যতা, সুবিচার এবং কোনো পক্ষের ক্ষতি না করার নীতি’ অনুসরণ করে পানি বণ্টনের বিষয়ে সমন্বয় করতে হবে।
অর্থাৎ, নদীতে পানির প্রবাহ অত্যন্ত কমে গেলে বাংলাদেশ ঠিক কতটুকু পানি পাবে, তা চুক্তিতে সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা হয়নি। বরং এমন পরিস্থিতিতে দুই দেশের আলোচনার মাধ্যমে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।
মতামত