শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ান বিজিবির আওতাধীন চৌকিদার টিলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করে। । বুধবার (১৮ নভেম্বর) সকালে ময়মনসিংহ (৩৯ ব্যাটালিয়ন বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), দেবীনগর গ্রামের শামীম (২৩), চাঁপাইনবাবগঞ্জের রসুলপুর গ্রামের আ. করিম (২১), গোদাগাড়ীর মাদবপুর গ্রামের ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪), গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের আব্দুল্লাহ (২৫) ও হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জের মাবদুল বিশেষতুলা গ্রামের রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মেসবাউল (২০)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিজিবি ১২ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত