অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় বড় পর্দায় অসংখ্য জনপ্রিয় চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক। মাঝে টেলিভিশনের নন-ফিকশন অনুষ্ঠানে সঞ্চালনা বা বিচারকের আসনে দেখা গেলেও, এবারই প্রথমবারের মতো কোনো কল্পকাহিনিনির্ভর (ফিকশন) ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। মূলত নব্বইয়ের দশকের নস্টালজিয়া ও স্মৃতিমাখা গল্পই তাঁকে ছোট পর্দার এই নতুন অভিজ্ঞতার দিকে টেনে এনেছে।
সনি আটের নতুন ধারাবাহিক ‘ডিয়ার ৯০’জ’ (Dear 90's)-এ অভিনয়ের কারণ, নিজের চরিত্র এবং আসন্ন চলচ্চিত্র নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে বিস্তারিত কথা বলেছেন এই অভিনেত্রী।
সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ডিয়ার নাইনটিজ’-এর গল্পটি বিশেষভাবে আকৃষ্ট করেছে কোয়েলকে। ধারাবাহিকটিতে এমন এক সময়ের চিত্র তুলে ধরা হয়েছে, যখন ইন্টারনেট বা স্মার্টফোনের দৌরাত্ম্য ছিল না, বরং মানুষের পারস্পরিক সম্পর্কে ছিল গভীর আন্তরিকতা।
টেলিভিশন মাধ্যমের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে কোয়েল বলেন, “অনেক বাড়িতেই সন্ধ্যায় টিভি সিরিয়াল দেখার একটা নিয়মিত অভ্যাস রয়েছে। দর্শকরা ধারাবাহিকের চরিত্রগুলোর সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়েন এবং অভিনেতাদের নিজেদের পরিবারের সদস্যের মতো আপন করে নেন।”
এই ধারাবাহিকে ‘অপরাজিতা’ নামের একজন সফল লেখিকার চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে, যাঁর লেখা ‘ডিয়ার নাইনটিজ’ বইটি বেস্টসেলার। গল্পের শুরুতে নিজের পুরোনো স্কুলে ফিরে গিয়ে অতীতের স্মৃতি রোমন্থন করেন তিনি, আর সেই সূত্র ধরেই দর্শক ফিরে যাবেন নব্বইয়ের দশকে।
নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত কোয়েল জানান, “পুরো সিরিয়াল জুড়ে ‘ডিয়ার নাইনটিজ’-এর কনসেপ্টটা আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছিল। নব্বইয়ের দশক মানেই ছোট বয়সের নির্মল প্রেম, ট্রানজিস্টর, মিসড কল কিংবা ক্যাসেটে পছন্দের রোমান্টিক গানের সংকলন—যা বর্তমান প্রজন্মের কাছে অজানা। এখানে আমার চরিত্রটি নিজের শৈশব ও প্রথম প্রেমের জার্নিটা নতুন করে ফিরে দেখে।” তবে ধারাবাহিকের সব পর্বে তাঁকে দেখা যাবে না; গল্পের প্রয়োজনে অপরাজিতার শৈশবের অংশ ফ্ল্যাশব্যাকে দেখানোর সময়ই পর্দায় তাঁর উপস্থিতি থাকবে।
ছোট পর্দার এই বিশেষ কাজের পাশাপাশি বড় পর্দাতেও সমানতালে ব্যস্ত রয়েছেন কোয়েল মল্লিক। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত দুটি ভিন্নধর্মী চলচ্চিত্র—পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘জননী’ এবং অন্নপূর্ণা বসু পরিচালিত ‘স্পর্ধা’। এছাড়া আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়েও বেশ আগ্রহী এই অভিনেত্রী। বরাবরের মতো নতুন কাজগুলোও দর্শকদের ভালোবাসা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মতামত