সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে
রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী) সংসদীয় আসনে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি।
এতে নেতৃত্ব দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। পরে মহাসড়ক ধরে কালুখালী উপজেলার শেষ সীমানা পর্যন্ত গিয়ে কর্মসূচি শেষ হয়।
এতে পাংশা ও কালুখালী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল নিয়ে অংশ নেন। শোডাউনে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমানসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
শোডাউন শেষে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ বলেন, আওয়ামী লীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয়ভাবে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে মোকাবিলার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।
তিনি বলেন, ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটি মহল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে সন্ত্রাস, নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
হারুন-অর-রশিদ আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের সাধারণ ভোটার ও নেতাকর্মীদেরও কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন বলে জানান সংসদ সদস্য।
মতামত