মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ভাঙচুর-আ'গুনের ঘটনার পর দেশের সব বিমানবন্দরে বাড়তি নজরদারি ও তল্লাশি

ভাঙচুর-আ'গুনের ঘটনার পর দেশের সব বিমানবন্দরে বাড়তি নজরদারি ও তল্লাশি

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, আ'গুন, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ঘটনার পর দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) বেবিচক এ নির্দেশনা দেয় বলে সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে নিরাপত্তা তল্লাশি বাড়াতে হবে। পাশাপাশি বিমানবন্দরের আশপাশে নজরদারি ও নিয়মিত টহল জোরদার করতে হবে। বিমানবন্দরে প্রবেশ করা সব ধরনের যানবাহনও তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে।বেবিচকের এক কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। এ ছাড়া বিমানবন্দর থানার পুলিশকেও আশপাশের এলাকায় টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু দিনের বেলায় নয়; যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা কার্যক্রমে কোনো শিথিলতা রাখা যাবে না। এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় নজরদারি, তল্লাশি ও টহল বাড়িয়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রধানমন্ত্রী

খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পঞ্চগড় থেকে মোংলা পর্যন্ত সড়ক যোগাযোগ, বন্দরের সাপ্লাই চেইন ও পণ্য পরিবহন ব্যবস্থা সম্প্রসারণে সরকার উদ্যোগ নিতে চায়। এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাও জরুরি। তিনি আরও বলেন, মোংলা বন্দরের আধুনিকায়ন শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নয়; এটি বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান; বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম; বাগেরহাটের বিভিন্ন আসনের সংসদ সদস্য; সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটের কাটাখালী মোড়ে পৌঁছে নেতা-কর্মীদের উদ্দেশে পথসভায় বক্তব্য দেন। পরে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি খুলনার উদ্দেশে রওনা হন।

খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দর থেকে কাল ফ্লাইট চালুর আশা সৌদিয়ার

পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল বুধবার থেকে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে সৌদিয়া এয়ারলাইনস। এয়ারলাইনসটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে রিয়াদ বিমানবন্দরে সৌদিয়ার ফ্লাইট পরিচালনা পুনরায় শুরুর আশা করা হচ্ছে। তবে কার্যক্রম শুরুর বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোয় কার্যক্রম সীমিত থাকায় সম্প্রতি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

রিয়াদ বিমানবন্দর থেকে কাল ফ্লাইট চালুর আশা সৌদিয়ার

হুতিদের হামলায় কেঁপে উঠল এডেন বিমানবন্দর

আন্তর্জাতিকভাবে ইয়েমেনের স্বীকৃত সরকার জানিয়েছে, হুতিরা দেশটির বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্র দুটি শুক্রবার রানওয়ের কাছে আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি জানান, ক্ষেপণাস্ত্র দুটি উড্ডয়নের অপেক্ষায় থাকা একটি উড়োজাহাজ থেকে প্রায় ৫০০ মিটার দূরে পড়েছিল। উড়োজাহাজটির সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। এ হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন বলে অভিহিত করেন। এএফপির প্রতিবেদন অনুযায়ী, হুতিরা এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, এডেন প্রদেশে বদর ক্যাম্পে সৌদি বাহিনীর কমান্ড সদর দপ্তর ও একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে। এর এক দিন আগে এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কেন্দ্রস্থল এডেনে সর্বশেষ এ হামলার মধ্য দিয়ে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও ইরান-ঘনিষ্ঠ হুতিদের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার সানা থেকে উত্তর-পূর্বে অবস্থিত মারিব প্রদেশের পূর্বাঞ্চলে অগ্রসর হয়েছে। সামরিক মুখপাত্র মাজেদ আল-নাজিলির দাবি, বিমান সহায়তায় বাহিনীটি বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। গত ২৪ ঘণ্টায় ৪৩০ জনের বেশি হুতি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার পাশাপাশি শতাধিক যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস বা অকেজো করা হয়েছে। যুদ্ধের অন্যতম প্রধান রণক্ষেত্র তাইজ গভর্নরেটেও হুতিদের কয়েকটি বড় আক্রমণ প্রতিহত করার দাবি করেছে সরকারি বাহিনী। তাদের দাবি, এতে হুতিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া তাইজ এলাকায় হুতিদের সঙ্গে যুক্ত একটি বিশেষ ড্রোন দলকে আটক করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিরা ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজ ঘিরে ফেলেছে। শহরটির দক্ষিণে এডেনগামী প্রধান সড়ক বিচ্ছিন্ন করে দেওয়ায় বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং মানবিক সংকট আরও তীব্র হয়েছে। শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের আকাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। সৌদি আরবের অভিযোগ, ইরান হুতিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে এবং দেশটির বিরুদ্ধে হামলায় উৎসাহ দিচ্ছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, হুতিদের কোনো অভিযানে তেহরানের ভূমিকা নেই। একই সঙ্গে হুতি ও রিয়াদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও পুনর্ব্যক্ত করেছে। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করে সরকারকে দেশ ছাড়তে বাধ্য করলে ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট যুদ্ধে হস্তক্ষেপ করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে অধিকাংশ লড়াই থেমে যায়। তবে গত জুলাইয়ে হুতিরা সৌদি আরবের বন্দর এবং বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নৌ-অবরোধ ঘোষণার পর উত্তেজনা আবারও বাড়ে। সেপ্টেম্বরে হুতিরা মোখা শহরে স্থল অভিযান চালিয়ে সরকারি বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। একই মাসে পশ্চিম উপকূল ও বাব আল-মানদেব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা, এমনকি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপও দখল করে নেয়।

হুতিদের হামলায় কেঁপে উঠল এডেন বিমানবন্দর

ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইটের নতুন সময়সূচি জানা যাবে কাল

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামীকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায়ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্থগিত হওয়া দুই ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি জানা যাবে। আজ রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর রাত ৯টা (ইউটিসি) পর্যন্ত বাড়িয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এ সময়সীমা ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত। বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ১১ ও ১২ অক্টোবর ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট দুটি স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইট দুটির পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি সম্পর্কে সোমবার দুপুর ১২টায় যাত্রীদের অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তাঁদের সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইটের নতুন সময়সূচি জানা যাবে কাল

সৌদি বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তান প্রধানমন্ত্রীর, পাশে থাকার প্রতিশ্রুতি

সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।  রিয়াদের ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর’ এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত এসব হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ হুতিদের ছোঁড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করায় সৌদি সশস্ত্র বাহিনী এবং আরব যৌথ মিত্রজোটের দক্ষতা ও তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে এই সংকটকালে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ‘অবিচল সংহতি’ নিয়ে পাশে রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং সম্প্রতি স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দৃঢ় প্রতিজ্ঞ।’ তিনি আরও স্পষ্ট করেন যে, নিজের দেশের আপামর জনগণকে রক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শহরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের যে ‘ন্যায্য আত্মরক্ষার অধিকার’ রয়েছে, পাকিস্তান তাতে পূর্ণ সমর্থন জানায়। হুতি মিলিশিয়াদের উদ্দেশ্য করে শেহবাজ শরিফ অবিলম্বে এসব হামলা বন্ধের জোর দাবি জানান। যেকোনো পরিস্থিতিতে বন্ধুপ্রতীম সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান সবসময় ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ অবস্থান করবে বলেও অঙ্গীকার করেন তিনি। সূত্র: আল-জাজিরা

সৌদি বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তান প্রধানমন্ত্রীর, পাশে থাকার প্রতিশ্রুতি
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream