ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাজধানী দিল্লির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে, তা বাংলাদেশের মানুষ জানে। এসব ঘটনার বিরুদ্ধে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেও কেউ সফল হতে পারবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকার ঐক্যবদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার খবর প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করানো সম্ভব। তবে এসব খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। শেখ হাসিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী হিসেবে দেশে ফিরতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
তাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনার কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং দেশের মানুষের সমর্থনের ওপর আস্থাশীল। দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের শক্ত অবস্থান রয়েছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলেও মানুষ এতে আতঙ্কিত হচ্ছে না।
তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা এ ধরনের কর্মকাণ্ড ও নোংরামি দেখতে চায় না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
সরকার পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর অবস্থানে যাবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত