দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনেই তিনি দেশে ফিরতে চান। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশে ফেরার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে দেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ মাসের শুরুতে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথির জন্য আবেদন করার পর থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতাও বেড়েছে। বাতিল হয়ে যাওয়া নথিপত্র ফিরে পাওয়ার দাবির পাশাপাশি শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তার দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এখন তিনি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, দিল্লি থেকে ঢাকায় তার বিমানযাত্রার ব্যবস্থা করতে। তিনি আরও দাবি করেন, সংবিধানের পরিপন্থীভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল এবং আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্রের কাছ থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। তবে এর আগে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও ওই মন্ত্রী স্পষ্ট করেন। উল্লেখ্য, জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে নির্বাসনে থাকা অবস্থায় শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা: রয়টার্স
বিষয় : শেখ হাসিনা
মতামত