প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী লালমনিরহাটে তিনটি কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি শেষে বিকেলে ঢাকায় ফিরবেন তিনি।
প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়া। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।
এছাড়া, সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, স্থানীয় উপকারভোগীদের সাথে মতবিনিময় এবং জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ।
বিএনপির নেতা হিসেবে তারেক রহমান ২২ বছর আগে লালমনিরহাটে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সফর।
মতামত