বাগেরহাটের ফকিরহাটে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা ছুড়ে পালিয়ে যান।
এ ঘটনার ছয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়ির সামনে পেট্রল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন।
আমির হামজা সাথিলের বাড়ি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে, সরকারি মহিলা কলেজের পাশে। হামলার সময় বাড়িতে তার চাচা ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন।
তবে পেট্রল বোমাগুলো বাড়ির ভেতরে নয়, সামনের রাস্তায় বিস্ফোরিত হয়। এতে কোনো ঘরবাড়ি বা মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা নাশকতা করেছে তা চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। বিষয়টি আইনী প্রক্রিয়া চলমান।
মতামত