গাজীপুরে বৃহস্পতিবারও (১৯ নভেম্বর) প্রায় ২০টি পোশাক কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে শিল্প পুলিশের দাবি, শ্রীপুরের দুটি ও ভোগড়া বাইপাস এলাকার তিনটিসহ মোট পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল সোয়া ৮টা থেকে ধাপে ধাপে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এদিকে, কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
অন্যদিকে, শ্রীপুরের আনসার রোড এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা ঠেকাতে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মহাসড়ক ও আশপাশের এলাকায় অবস্থান করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাজীপুরের বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস কারখানায় শ্রমিকরা প্রবেশ করে হাজিরা দেন। এরপর সকাল সোয়া ৮টার দিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাঁরা কারখানা থেকে বের হয়ে যান। পরে মহাসড়কের পশ্চিম পাশে গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে গিয়ে জড়ো হন তাঁরা। এ সময় ওই কারখানার শ্রমিকরাও বেরিয়ে আসেন।
ওইসব শ্রমিকরা মহাসড়কে দাঁড়ানোর চেষ্টা করেন এবং বিভিন্ন কারখানা বন্ধ করার দাবি জানালে ওই এলাকার কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। কিছু শ্রমিক সিলকেন সুইং কারখানা, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস লিমিটিডে, এস এম নীট ওয়্যার লিমিটেড, শ্রীপুর পৌরসভা (আসপাডা) এলাকার মেঘনা গ্রুপরে সাবলাইন গ্রিন ট্যাক্স, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার চিটাগাং ডেনিম লিমিটেড, মেঘনা গার্মেন্টস কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করে। শ্রমিকরা দলবদ্ধ হয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ী থেকে শ্রীপুরের দিকে চলে যান।
ওই সড়কের ক্রিস্টাল গার্মেন্টস, ডেমিমেক গার্মেন্টস, ডিভাইন গার্মেন্টস, হ্যামস গ্রুপের ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেটস, আনসার রোড এলাকার পলমল গ্রুপের তাকওয়া ফ্যাশন, তাকওয়া পোশাক কালাকান, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং প্লান্ট, মেঘনা ডেনিম অ্যান্ড ইউনিগ্লোরি ওয়াশিং লিমিটেডসহ প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সড়ক অবরোধ আছে কি না জানতে চাইলে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, গত তিন সপ্তাহ ধরে এ অবস্থা চলছে। রাজেন্দ্রপুরের বাংলা বাজার, হোতাপাড়া, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ীসহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধের ঘটনা আছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর বের হয়ে যায়। পরে তারা শ্রীপুরের দিকে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেল পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রীপুর ও গাজীপুরের রভাগড়া এলাকায় পাঁচটি কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।
বাঘের বাজার এলাকার একটি পোশাক কারখানার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাশের একটি কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে তাদের কারখানার গেটে এসে অবস্থান নেয়। এক পর্যায়ে শ্রমিকরা গেটে ধাক্কাধাক্কি শুরু করলে আমরাও শ্রমিকদের ছেড়ে দেই।
মতামত