নওগাঁ জেলার সর্ব পশ্চিমের উপজেলা যা ধানের গোলা বলে খ্যাত সেই পোরশায় মাদকবিরোধী বিশেষ সফল অভিযান চালিয়ে নিষিদ্ধ ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক জন নেশা ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন। আটককৃত ঐ নেশা ব্যবসায়ীর নাম মোঃ ইব্রাহিম হোসেন (৩৩) । এ সময়ে তার এই নেশা ব্যবসায়ে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল ও জব্দ করা হয়েছে।
প্রকাশ থাকে যে, সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পোরশা থানাধীন ২ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের দাদা মসজিদের পেছনের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলযোগে মাদক বহন করে যাওয়ার পথে ইব্রাহিমকে পথিমধ্যেই হাতেনাতে আটক করা হয়।
পরে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বিক্রয়মূল্য ৩৩ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি উপস্থিত সাক্ষীদের সামনেই জব্দ করা হয়।
আটককৃত ইব্রাহিম (৩৩) পোরশা থানার পশ্চিম গোবড়াকুড়ি গ্রামের শরিফ উদ্দীন শাহের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ইতিপূর্বেও বেশ কয়েকটি মাদক জনিত মামলা রয়েছে।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত