চাঁদপুরের চাঁদখার বাজারে অভিযান চালিয়ে ভুয়া ডিগ্রি ব্যবহার করে রোগী দেখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না রাখার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মিথ্যা ডিগ্রি ব্যবহার করে রোগী দেখা ও চিকিৎসা প্রদানের অপরাধে মাতৃ মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি শুধাংশু চন্দ্র শর্মা।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে রাম কৃষ্ণ হোমিও ফার্মেসিকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণের দায়ে কে আজিজ হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় মির্জা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পচা-বাসি খাবার ধ্বংস করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ছবি- চাঁদপুরের চাঁদখার বাজারে মাতৃ মেডিকেল হলে অভিযান করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মতামত