ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গোষ্ঠীগত আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের চার থেকে পাঁচটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালালপুর গ্রামে দীর্ঘদিন ধরে বাবুল গ্রুপ ও আরজু গ্রুপের লোকজনের মধ্যে গোষ্ঠীগত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে গত দুদিন আগে রাতেও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে। পরপর এসব ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে গ্রামের বিভিন্ন স্থানে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় প্রতিপক্ষের চার থেকে পাঁচটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন এলাকাবাসী।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, জালালপুরে দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধের স্থায়ী অবসান ঘটাতে প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় এনে সাধারণ মানুষের জানমাল ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মতামত