১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নতুন নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত। একই সঙ্গে এ বিষয়ে একটি রুল জারি করা হয়েছে।
রোববার বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু চিকিৎসক ও আইন বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত একটি কমিটি গঠন করতে হবে।
এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে টেলিযোগাযোগ, নারী ও শিশু বিষয়ক, স্বাস্থ্য এবং আইন মন্ত্রণালয়ের সচিবদের পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির চেয়ারম্যানকে।
আদালতে এ বিষয়ে করা রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।
জনস্বার্থে এই রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর।
১৬ বছর বা এর কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে একটি নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই নীতিমালা প্রণয়নে এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিরূপণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এতে নানাভাবে তারা প্রভাবিত হচ্ছে। অনেকের মধ্যে একাকিত্ব, হতাশা ইত্যাদি অনুষঙ্গ দেখা যাচ্ছে। এতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
আইসিডিডিআরবি এক গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রিট আবেদনে বলা হয়, ঢাকার ৫ জন শিশুর মধ্যে ৪ জনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময় সীমা ছাড়িয়ে যাচ্ছে। শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। অন্যদিকে, ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও উল্লেখযোগ্যভাবে কম। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এই বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
গবেষণায় আরও দেখা গেছে, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। অতিরিক্ত সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শিশুদের সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিডি প্রতিদিন/কেএ
মতামত