হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের পেস্টের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেন,মুন্সিগঞ্জ সদর উপজেলার মোঃ ইয়াছিন আরাফাত সৌরভ (২৯),নোয়াখালীর সুধারাম উপজেলার মোঃ জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মোঃ শাওন (৩৯)।
রবিবার (২২ নভেম্বর) এয়ারপোর্ট এপিবিএন সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করেন এপিবিএনের সদস্যরা।
পরে এপিবিএন কার্যালয়ে আটক সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ করে বস্তুগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের পেস্টের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম,যা প্রায় ৬৪৩ ভরি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে অপর দুই আটক ব্যক্তি এবং দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন। এ ছাড়া আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ দেশে আনা এবং চোরাচালানের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে।
মতামত