রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বহুল আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, একই দিন রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে গত বুধবার রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে ‘আলো আসবেই’ গ্রুপের আরেক সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির অভ্যন্তরীণ কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। গ্রুপটিতে যুক্ত থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে নেতিবাচক ও উসকানিমূলক মন্তব্য উঠে আসে, যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
মতামত