নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকার আদালত প্রাঙ্গণে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাসের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন। এ মামলায় অপর দুই আসামি ওবায়দুর রহমান সুদাইচ (২২) ও মো. সুমাইয ইসলামকেও (১৯) কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার আগে আইনজীবী সোহাগের ওপর হামলা চালান বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা। দুপুর থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে সাঈদ খোকন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন তারা। একপর্যায়ে আইনজীবী সোহাগকে ব্যাপক মারধর করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন।
আদালতে শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তপু নাসরিন গতকাল আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা তুলে ধরে বলেন, সাবেক মেয়র সাঈদ খোকনের মামলার শুনানি করতে গেলে বহিরাগতরা মব সৃষ্টি করে এবং এ সময় তিনিও হেনস্তার শিকার হয়েছেন।
পরে আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেন আইনজীবী সোহাগ। তিনি বলেন, “আদালতে এসেছিলাম আইনজীবী হয়ে, বানিয়ে দিল আসামি।” ৯ নভেম্বরের ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, “আমি একজন আইনজীবী, আমি কেন বোমাবাজি করব? আদালত এলাকায় বোমা নিক্ষেপের বিষয়ে আমি কিছু জানি না।”
অন্যদিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, “তিনি দিনে ফ্যাসিস্টের পক্ষে উকালতি করেন, আর রাত হলে বোমাবাজি করেন, গাড়িতে আগুন দেন, ভাঙচুর করেন। তাঁদের নির্দেশেই বোমা নিক্ষেপ করা হয়েছে।”
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের ধারায় হওয়ায় সাধারণ বিবেচনায় জামিন দেওয়া যায় না এবং পুলিশ প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা পাওয়ার দাবি করেছে। এরপর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। গতকাল রাতে সূত্রাপুরের সরকারি কবি নজরুল কলেজের সামনে উত্তেজিত জনতার কাছ থেকে পুলিশ তাদের হেফাজতে নেয় এবং আটকের আগে জনতার মারধরে সোহাগ আহত হলে তাকে মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মতামত