নেত্রকোণার মদন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে ময়মনসিংহ শহরে তাঁর নিজ বাসায় অভিযান চালিয়ে মদন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল তাঁকে গ্রেপ্তার করে। তিনি একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত ও আদালতের পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই মদনের মগড়া নদীর ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন সরকারি কলেজ থেকে উপজেলা খাদ্যগুদামের দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁদের ওপর হামলার অভিযোগ ওঠে।
মামলার অভিযোগে বলা হয়, তৎকালীন সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের নির্দেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি আবুল বাশার খান এখলাছ, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীগন আন্দোলনকারীদের ওপর ককটেল নিক্ষেপ, গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে মেহেদি হাসান নবাবসহ ৫০ থেকে ৬০ জন ছাত্র-জনতা আহত হন।
এ ঘটনায় মেহেদি হাসান নবাব বাদী হয়ে গত ২৩ মে মদন থানায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় আবুল বাশার খান এখলাছকে এজাহারনামীয় আসামি করা হয়।
মদন থানার ওসি সালাহ উদ্দিন করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রনেতা মেহেদি হাসান নবাবের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এখলাছ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মদন থানা পুলিশ ও ময়মনসিংহ ডিবি পুলিশের সহযোগিতায় ময়মনসিংহ শহরের তাঁর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, তাঁর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে মদন থানায় আনা হয়েছে। মঙ্গলবার তাঁকে নেত্রকোণার আদালতে পাঠানো হয়েছে ।
মতামত